বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তারেক রহমান এই বৈঠকে যুক্ত হন।
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা অর্থনৈতিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধানত দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
ভার্চুয়াল এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে জেমিসন গ্রিয়ারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি।
অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।
রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির এই বৈঠকটি আগামীতে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
